দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গবেষণা এবং উদ্ভাবনী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর থেকে আয়কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। একই সঙ্গে, বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ক্যাম্পাস নির্মাণের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় বাজেট পর্যালোচনা বিষয়ক এক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এপিইউবির চেয়ারম্যান মো. সবুর খান। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। তবে তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এই ৫ শতাংশ আয়করও পুরোপুরি তুলে নেওয়া হবে। সবুর খান আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ক্যাম্পাস তৈরির জন্য জমি কেনা ও ভবন নির্মাণের প্রয়োজন হয়, কিন্তু বর্তমানে এ খাতে কোনো ব্যাংক ঋণ পাওয়া যাচ্ছে না।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নানা অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এখন এই সুযোগ বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে কাজে লাগায় তা দেখার বিষয়। তিনি শিক্ষার মান ও সনদের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, সরকারি গবেষণার ক্ষেত্রেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ বাড়ানো উচিত।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, এবারের বাজেটে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং সরকার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সমান গুরুত্ব দিচ্ছে। তার মতে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নত হলে শিক্ষার্থীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা হ্রাস পাবে।
সভায় এপিইউবির পক্ষ থেকে একটি নীতিগত অবস্থানপত্র উপস্থাপন করা হয়। এতে দক্ষতাভিত্তিক শিক্ষা, স্নাতকদের কর্মসংস্থান সূচক, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সভিত্তিক শিক্ষার সম্প্রসারণ এবং যৌথ পিএইচডি কর্মসূচি চালুর প্রস্তাব দেওয়া হয়। এছাড়া বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষা কেন্দ্রে পরিণত করতে আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণ ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা উল্লেখ করেন, তিন দশকের বেশি সময় ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব অর্থায়নে অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সভায় এপিইউবির অনারারি সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদসহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, উপাচার্য ও শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন।





