২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে নির্মাণাধীন টয়লেটে নিখোঁজ যুবকের সন্ধানে তদন্ত শুরু

প্রকাশ:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লায় নিখোঁজের ছয় দিন পর শফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা একটি নির্মাণাধীন বাড়ির টয়লেটে পচা গন্ধ পেয়ে ভেতরে খোঁজ করেন। সেখানে গলিত অবস্থায় মরদেহটি দেখে তারা পুলিশে খবর দেন। নিহত শফিকুল ওই এলাকার মৃত শহিদুল ইসলাম শহীদের ছেলে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতের স্বজনদের দাবি, স্থানীয় এক মাদক ব্যবসায়ীর সঙ্গে শফিকুলের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ওই বিরোধের কারণেই সোহেল নামের ওই ব্যক্তি তাকে হত্যার পর মরদেহ সেখানে লুকিয়ে রেখেছে বলে তারা অভিযোগ করেন। অন্যদিকে স্থানীয়দের ভাষ্যমতে, শফিকুল মাদকাসক্ত ছিলেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সেবনের উদ্দেশ্যে ওই স্থানে গিয়ে শফিকুলের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে শফিকুল নিখোঁজ ছিলেন। তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি, তবে এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি। ওসি আরও জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত কার্যক্রম শুরু করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন