পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিচার শুরু

প্রকাশ:

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রোববার (১২ জুলাই) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ হত্যা মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আদালত দণ্ডবিধির ৩০২, ১৪৩ ও ৩৪ ধারায় ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। একই আদেশে আদালত জামিনে থাকা আসামিদের জামিন বাতিল করেছেন। তবে হাইকোর্ট থেকে জামিন পাওয়া তিন আসামির জামিন বহাল রাখা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৯ জুলাই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে সম্পূরক অভিযোগপত্র গ্রহণের পর মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

তদন্তে উঠে এসেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে সোহাগকে হত্যা করা হয়েছে। মামলার কয়েকজন আসামি বর্তমানে কারাগারে থাকলেও বেশ কয়েকজন এখনো পলাতক রয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন