সৌদি আরব সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

হুমায়ুন কবীর জানান, সৌদি যুবরাজের আমন্ত্রণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই দ্বিপাক্ষিক আমন্ত্রণকে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন।

সৌদি আরবের সাথে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, দুই দেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং সরকার এই সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করতে আগ্রহী। তবে প্রধানমন্ত্রী কবে নাগাদ সৌদি আরব সফর করবেন, সে বিষয়ে এখনই কোনো নির্দিষ্ট সময়সূচী নির্ধারণ করা হয়নি। হুমায়ুন কবীর বলেন, সফরের বিষয়টি চূড়ান্ত করার জন্য এখনো কাজ চলছে, তাই বর্তমানে নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়।

শেয়ার করুন