দশ বছর পর ‘গবলিন’ নাটকের শুটিং স্পটে ফিরে স্মৃতিকাতর শিল্পীরা

প্রকাশ:

২০১৬ সালে প্রচারিত দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-ড্রামা ‘গবলিন’ বিশ্বজুড়ে দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। নাটকটি প্রচারের এক দশক পূর্ণ হওয়া উপলক্ষে সম্প্রতি এক বিশেষ আয়োজনে মিলিত হয়েছেন এর প্রধান কুশীলবরা। টিভিএন চ্যানেলে সম্প্রচারিত ‘গবলিন টেন্থ অ্যানিভার্সারি ট্রিপ’-এর প্রথম পর্বে অংশ নেন গং ইউ, কিম গো-উন, লি ডং-উক ও ইউ ইন-না।

এই বিশেষ আয়োজনে অভিনয়শিল্পীরা দক্ষিণ কোরিয়ার গাংনিউং শহরে যান, যেখানে নাটকটির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছিল। সেই পুরনো দিনের শুটিংয়ের অভিজ্ঞতা ও বন্ধুত্বের গল্পে তারা ফিরে যান স্মৃতির অতীতে। নাটকে অমর গবলিন কিম শিন চরিত্রে অভিনয় করা গং ইউ বলেন, ‘গবলিন’ এখনো শীত এলেই মানুষের মনে পড়ে, আর এটি তার জীবনের সবচেয়ে উজ্জ্বল শীতের স্মৃতি।

নাটকটি শেষ হওয়ার পরও এই শিল্পীদের বন্ধুত্ব অটুট রয়েছে। গং ইউ ও কিম গো-উন একই এলাকায় বসবাস করায় তাদের নিয়মিত যোগাযোগ থাকে। লি ডং-উক জানান, গত বছর তাদের এক আড্ডায়ই এই ১০ বছর পূর্তির বিশেষ কিছু করার পরিকল্পনাটি উঠে আসে। পুরোনো স্মৃতিচারণ করতে গিয়ে গং ইউ মজা করে বলেন, ‘তখন যে আমার সবচেয়ে ভালো সময় ছিল, সেটা বুঝতেই পারিনি।’ জবাবে ইউ ইন-না বলেন, ‘আমাদের সময় এখনো শেষ হয়ে যায়নি।’

এরপর চার অভিনয়শিল্পী জুমুনজিন ব্রেকওয়াটারে যান, যেখানে কিম শিন ও জি উন-তাকের প্রথম দেখা হওয়ার সেই বিখ্যাত দৃশ্যটি ধারণ করা হয়েছিল। ১০ বছর পরও জায়গাটি ভক্তদের কাছে সমান জনপ্রিয়। সেখানে গং ইউ ও কিম গো-উন নাটকের সেই লাল স্কার্ফ ও বাকউইট ফুলের মুহূর্তটি আবারও ফুটিয়ে তোলেন। গং ইউ হাসতে হাসতে বলেন, ‘অদ্ভুত লাগছে। মনে হচ্ছে, ১০ বছর পর আমার কনে উন-তাককে বড় হয়ে দেখছি।’ কল্পনা, প্রেম ও আবেগের গল্পের কারণে এই নাটকটি কোরিয়ান বিনোদন জগতে অন্যতম আলোচিত কাজ হিসেবে এখনো টিকে আছে।

শেয়ার করুন