১৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুটির ও সৌরবিদ্যুৎ খাতে ৭২৪৫ কোটি টাকা ঋণ পিকেএসএফ-এর

প্রকাশ:

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে এবং অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বড় ধরনের অর্থায়নের উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সংস্থাটি সব মিলিয়ে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে। রোববার পিকেএসএফ ভবনে আয়োজিত এক পরিচালনা পর্ষদ সভায় এই বিশাল অংকের অর্থায়ন বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে সভায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে ৫ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। এই অর্থ প্রযুক্তিগতভাবে উন্নত কৃষি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন ধরনের সেবা এবং ভ্যালু চেইনভিত্তিক বাণিজ্যিক কার্যক্রমে বিনিয়োগ করা হবে। সংস্থাটির মূল লক্ষ্য হলো, স্বল্পআয়ের জনগোষ্ঠীর উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি সঞ্চার করা।

পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহিত করতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই খাতের জন্য সরকারি বরাদ্দের আওতায় ৫০০ কোটি টাকার বিশেষায়িত অর্থায়ন কার্যক্রম চালু করা হয়েছে। গ্রাহক পর্যায়ে সহজ শর্তে ঋণ পৌঁছে দিতে ‘সৌরশক্তি’ নামে একটি নতুন নীতিমালাও অনুমোদন করেছে পর্ষদ। এই ঋণের বিপরীতে গ্রাহকদের মাত্র ৬ শতাংশ হারে সুদ প্রদান করতে হবে, যা সহযোগী সংস্থার মাধ্যমে বিতরণ করা হবে।

এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড বেগবান করতে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থাগুলোর অনুকূলে আরও প্রায় ২ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করেছে। এই অর্থ ক্লাস্টারভিত্তিক মাইক্রোএন্টারপ্রাইজ, সাধারণ সেবা খাত, অতিদরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্প এবং কৃষিখাতে ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। একদিকে নতুন উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান নিশ্চিত করা এবং অন্যদিকে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা—এই দুই লক্ষ্যকে সামনে রেখেই পিকেএসএফ তাদের দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা সাজিয়েছে।

শেয়ার করুন