সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এই শপথগ্রহণ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে হাইকোর্ট বিভাগে মোট বিচারপতির সংখ্যা ১০০ জনে উন্নীত হলো।
এর আগে, গত সোমবার সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট। উল্লেখ্য যে, ২০২৪ সালের ৮ অক্টোবর তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র দেবাশীষ রায় চৌধুরী অতিরিক্ত বিচারপতি হিসেবে নির্ধারিত দুই বছর দায়িত্ব পালন করেছেন। তবে বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তখন তাকে স্থায়ী করা সম্ভব হয়নি। সম্প্রতি সংবিধান অনুযায়ী বয়সসীমা পূরণ হওয়ায় তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আইনি পেশায় দীর্ঘ ক্যারিয়ারের অধিকারী দেবাশীষ রায় চৌধুরী যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করার পর, তিনি ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।





