৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

প্রকাশ:

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে বাধা নেই। সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেয়া পূর্বের স্থগিতাদেশ বাতিল করে এ আদেশ প্রদান করেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণে আইনি জটিলতা কাটল।

এর আগে গত ১৭ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছিলেন। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক নির্দেশিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক জারি করা নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে বিষয়টি শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিটকারী পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন শুনানিতে অংশ নেন।

রিটকারী আইনজীবীর তথ্যমতে, প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী চলতি বছর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। তাদের ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। অথচ ইউজিসির নির্দেশনায় ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হয়, যা ওই শিক্ষার্থীদের সুযোগ থেকে বঞ্চিত করতে পারে বলে দাবি করা হয়। এই শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিতের নির্দেশনা দিয়েছিলেন। এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

ইউজিসির সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাম্প্রতিক সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর নেওয়ার কথা ছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত বহাল রাখে। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে ১ জানুয়ারির পর ভর্তির আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়।

আপিল বিভাগের এই আদেশের ফলে সব পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ভর্তি পরীক্ষার নির্ধারিত সূচি অনুযায়ী কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এতে ভর্তি পরীক্ষা গ্রহণে আপাতত কোনো আইনি বাধা রইল না।

শেয়ার করুন