কুমিল্লার লালমাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের হরিশ্চর রেলগেট এলাকা থেকে আবদুর রশিদ (৩৫) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ মরদেহ উদ্ধার করে। নিহত আবদুর রশিদ ওই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন। মরদেহের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের ঘনিষ্ঠ তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় জনতা ওই তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। আটকরা হলেন পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মহিন উদ্দিন (৩৪), উৎসবপদুয়া গ্রামের মো. রাকিব (২৫) এবং মেঘনা উপজেলার সাতানি শিবনগর গ্রামের আল আমিন (৩৬)।
লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





