২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কনসার্টে সংঘর্ষ: জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ

প্রকাশ:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আয়োজিত নবীনবরণ ও কনসার্ট চলাকালীন দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের অফিশিয়াল প্যাডে এই নোটিশ প্রদান করা হয়।

শোকজ পাওয়া দুই নেতা হলেন জবি শাখা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার এবং ২নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দিয়েছেন। নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা দিতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের এই জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় কনসার্ট চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, স্টেজে বসার স্থান নিয়ে দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি থেকে এই উত্তেজনার সূত্রপাত হয়। সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে। আহতদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। জবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

শেয়ার করুন