২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আবারও ভিসা পেলেন না মাহমুদ আব্বাস

প্রকাশ:

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ০৩

আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি পাননি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্র তাকে এই সফরের জন্য ভিসা দেয়নি। টানা দ্বিতীয় বছরের মতো বিশ্ব সংস্থাটির এই গুরুত্বপূর্ণ আয়োজনে সরাসরি যোগদানের ক্ষেত্রে বাধার মুখে পড়লেন তিনি।

এর আগে গত বছরও মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সে সময় সদস্যদেশগুলোর অনুমোদনের ভিত্তিতে তিনি ভিডিও সংযোগের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দূর থেকে বক্তব্য দিয়েছিলেন। এবারও তিনি সরাসরি উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে আব্বাসকে ভিসা না দেওয়ার সিদ্ধান্তের আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সদস্যদের ওপর ভিসা-সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করার ঘোষণা দিয়েছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের এসব কর্মকর্তা ও সদস্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে তারা শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছেন বলেও মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে।

শেয়ার করুন