১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে কবরস্থানের জায়গা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশ:

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার হোসেন ভূইয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ভুমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামে এই সহিংসতা ঘটে। নিহত ৪২ বছর বয়সী আনোয়ার হোসেন ওই এলাকারই বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কবরস্থানের জায়গা নিয়ে জয়দুল ঢালী ও রুবেল ঢালীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার জুমার নামাজের পর এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে রুবেল ঢালী কদমতলী বাজারে যাওয়ার পথে জয়দুল ঢালীর বাড়ির সামনে পৌঁছালে তার ওপর হামলা চালানো হয়। এ সময় রুবেলের বড় শ্যালক আনোয়ার হোসেন তাকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তাকে লোহার রড ও কাঠ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

আনোয়ারকে গুরুতর আহত অবস্থায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয়ার পথে পদ্মা সেতুর ওপর তিনি মারা যান। এদিকে, এই হত্যাকাণ্ডের পর স্থানীয়রা উত্তেজিত হয়ে পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, হামলায় দুজন গুরুতর আহত হয়েছিলেন, যার মধ্যে একজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন