১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গণপূর্ত মন্ত্রণালয়ে অনিয়ম সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী

প্রকাশ:

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঘোষণা দিয়েছেন যে, তার মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান 'জিরো টলারেন্স' উল্লেখ করে তিনি জানান, বর্তমানে মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের অনিয়ম নিয়ে তদন্ত চলছে এবং বিগত আমলের দুর্নীতির বিষয়েও সরকার সতর্ক ও সজাগ রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে মন্ত্রণালয়ে যেন দুর্নীতির পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরাধের মাত্রা যত বড়ই হোক, এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে আহম্মদ সোহেল মনজুর জানান, পিরোজপুর ও ঝালকাঠি জেলায় মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এই সভা অনুষ্ঠিত হবে। মাদকের কবল থেকে দেশকে মুক্ত করতে প্রশাসন ও সংস্থাসমূহের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি গণমাধ্যমসহ জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রতিমন্ত্রী নবনির্মিত বরিশাল বন্দর থানার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

শেয়ার করুন