নাটোরের নলডাঙ্গায় একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার পর সেখান থেকে সরিয়ে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার দায়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ৩৩ কেজি ৩৭০ গ্রাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে নলডাঙ্গার বুড়িরভাগ এলাকায় একটি সিএনজি অটোরিকশা উল্টে যায়। এই দুর্ঘটনায় আরমান নামে এক ব্যক্তি আহত হন। দুর্ঘটনার পরপরই মাদক কারবারিরা সুযোগ বুঝে সিএনজিতে থাকা গাঁজার বস্তাগুলো সরিয়ে ফেলে এবং তাদের সহযোগীদের বাড়িতে গিয়ে লুকিয়ে রাখে।
ঘটনার পাঁচ দিন পর, ১৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানে গালিব মোস্তফার বাড়ির বাথরুমের ফলস ছাদ থেকে ১৯ কেজি ৭৭০ গ্রাম এবং নজরুল ইসলামের বাড়ি থেকে ১৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন গালিব মোস্তফা (২৫), মোঃ নজরুল ইসলাম ভোলা (৪০), মোঃ শাহাদৎ হোসেন (৪৫) এবং মোঃ আরমান (৩০)। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি পলাতক সিএনজি চালককে খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





