১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে দুইজন নিহত

প্রকাশ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের বেমালীয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া। জানা গেছে, অসুস্থ এক রোগীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি চাতলপাড় ফিরছিল। পথিমধ্যে খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর স্থানীয়রা স্পিডবোটে থাকা আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম জানান, হাসপাতালে তিনজনকে আনা হলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন