৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য

প্রকাশ:

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়বদ্ধতার কারণে তার এই পদটি বাতিল করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি জারি করা হয়। উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনে মো. আলী আফজালকে ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ২৩(১)(খ) ধারা অনুযায়ী, ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হওয়ায় তার সভাপতি পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিষয়টি অবহিত করার জন্য যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক, এফবিসিসিআইয়ের প্রশাসক, বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিব এবং বাণিজ্যসচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

শেয়ার করুন