৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চুল কাটতে গিয়ে নিখোঁজ, ঢাকায় চক্রের হাতে পা হারাল কিশোর রায়হান

প্রকাশ:

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় নয়াপাড়া এলাকার দিনমজুর নাজিম উদ্দিনের ১২ বছর বয়সী ছেলে মো. রায়হান সাত মাস আগে চুল কাটার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল। ১০০ টাকা নিয়ে দোকানে যাওয়ার কথা বলে সে একটি মিছিলের গাড়িতে চড়ে চুনতি বাজারে যায় এবং এরপর থেকেই নিখোঁজ ছিল। দীর্ঘ সাত মাস পর চুনতি সীরত মাহফিলের সমাপনী দিনে ময়দানে তাকে ভিক্ষা করতে দেখে এলাকার এক ব্যক্তি তার বাবাকে খবর দেন।

বাবা নাজিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলেকে শনাক্ত করেন, তবে তার ডান পা না থাকায় তিনি হতবাক হয়ে যান। রায়হানের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার পর কক্সবাজার থেকে একটি চক্র তাকে ঢাকায় নিয়ে যায় এবং রেলওয়ে স্টেশন এলাকায় আটকে রাখে। সেখানে ওই চক্র তার ডান পা কেটে ফেলে এবং তাকে ভিক্ষা করতে বাধ্য করে। রায়হান জানায়, চক্রটি তাকে প্রতিদিন ৫০০ টাকা করে দিতে বাধ্য করত এবং তার মতো আরও অনেক শিশুকে একইভাবে শারীরিক নির্যাতনের মাধ্যমে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করা হতো।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে রায়হান বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। বর্তমানে এক পা হারানো রায়হানকে ফিরে পেলেও তার ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন পরিবার। রায়হানের বাবা ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন