পাবনার ফরিদপুর উপজেলায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মো. সাকিব নামে ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের উত্তর পাশে বড়াল নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকিব উপজেলার রতনপুর মধ্যপাড়া গ্রামের মো. হারিছ প্রামাণিকের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সাকিব তার ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। দীর্ঘ সময় পার হওয়ার পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে সন্ধ্যায় স্থানীয়রা মাজাট গ্রামের পাশে বড়াল নদীতে কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা সেটি নিখোঁজ সাকিবের বলে শনাক্ত করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, ভ্যানগাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা সাকিবকে মাথায় আঘাত করে হত্যা করেছে। এরপর তার মরদেহ নদীতে ফেলে ভ্যান নিয়ে তারা পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হাসান মাসুদ জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সাকিবের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, নিখোঁজ ভ্যান উদ্ধার এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





