ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে দক্ষিণ গফরগাঁওয়ের গোলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ভোগান্তি তৈরি হয়েছে। ওসি আকতার হোসেন আরও জানান, রিলিফ ট্রেন পৌঁছাতে দেরি হচ্ছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই উদ্ধার কাজ শুরু করা হবে। এদিকে, এই দুর্ঘটনার কারণে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে।





