প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৬
আগামী পাঁচ বছরে বাংলাদেশে অতিরিক্ত ৫ বিলিয়ন মার্কিন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্যে সরকার এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন বলরুমে আয়োজিত অ্যামচ্যামের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি অ্যামচ্যামের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এই বিনিয়োগ আনার আগ্রহ প্রকাশ করেছেন এবং সরকার এই উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, অ্যামচ্যাম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহ-সভাপতি আলা উদ্দিন আজাদসহ অন্যান্য ব্যবসায়ী নেতা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, গত তিন দশকে অ্যামচ্যাম সরকার ও বেসরকারি খাতের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
বিনিয়োগের পরিবেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটালাইজেশন এবং স্থিতিশীল নীতিগত কাঠামো তৈরিতে কাজ করছে। তিনি অ্যামচ্যামের সদস্য প্রতিষ্ঠান ‘কর্টেভা বাংলাদেশ’-এর একটি শিল্প ও বাণিজ্যিক লাইসেন্স সংক্রান্ত জটিলতা মাত্র এক মাসের মধ্যে সমাধানের উদাহরণ তুলে ধরেন। মন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, কোনো প্রকৃত ব্যবসায়িক সমস্যা উত্থাপিত হলে মন্ত্রণালয় তার বাস্তবসম্মত সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে।
বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় দেশ হিসেবে অভিহিত করে তিনি বলেন, কৌশলগত অবস্থান, তরুণ ও দক্ষ কর্মীবাহিনী এবং প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও উৎপাদন শিল্পের মতো বিভিন্ন খাতে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পরিশেষে, তিনি আগামী দিনে আরও বেশি মার্কিন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।





