ডেঙ্গু মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশ:

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় উপজেলা বিএনপি এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। তিনি আরও বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এবং ২০২৪ সালে স্বৈরাচার সরকারের পতনে দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, প্রয়োজন হলে একইভাবে ডেঙ্গুর বিরুদ্ধেও যুদ্ধ শুরু করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে ভবিষ্যতে দেশে ডেঙ্গু থাকবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য নিশ্চিত করার অঙ্গীকারের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। এ সময় ছয় বছর বয়স পর্যন্ত সব শিশুকে বাড়ি থেকে এনে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মধ্যে মেডিকেল হেলথ কার্ড বিতরণ করা হয়। এছাড়া পাড়াগাঁও ঈদগাহ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সভাপতিত্ব করেন। এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন