জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ: ডা. শফিকুর রহমান

প্রকাশ:

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প খাত এক অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার বগুড়া সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাস পার করলেও কোনো কার্যকর বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন যে, বিরোধীদলের পক্ষ থেকে দেশি-বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি টিমের মাধ্যমে সরকারকে বিনামূল্যে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তা গ্রহণ করা হয়নি। উল্টো সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিদ্যুতের লাইন লম্বা হওয়া সংক্রান্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে সংকট আড়ালের চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, শিল্প খাতের মূল চালিকাশক্তি বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিজিএমইএ নেতৃবৃন্দ এবং সরকারি দলের ব্যবসায়ী সংসদ সদস্যরাও সংসদে স্বীকার করেছেন যে শিল্প খাত সংকটের মুখে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাসের অভাবে কারখানার উৎপাদন ক্ষমতা অর্ধেকের নিচে নেমে গেছে, যার ফলে আন্তর্জাতিক ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং অর্ডার অন্য দেশে চলে যাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে কারখানা বন্ধ, ব্যাপক শ্রমিক ছাঁটাই এবং ব্যাংক ঋণখেলাপির হার বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি।

বিগত সাড়ে ১৫ বছরের শাসনকালে দেশ ভয়াবহ ট্রমা ও যন্ত্রণার মধ্য দিয়ে গেছে উল্লেখ করে জামায়াত আমীর বলেন, চব্বিশের বিপ্লবের পর একটি ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়েছিল যেখানে ৮২.২ শতাংশ জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জনগণের সাথে করা সেই ওয়াদার বরখেলাপ করেছে এবং গণভোটের রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। ১৯৭১ সালের প্রেক্ষাপট মনে করিয়ে দিয়ে তিনি বলেন, জনগণের ভোটের রায় অমান্য করার ক্ষমতা কারো নেই; গণরায় অমান্য করা মানেই জনগণকে অপমান করা।

বিদ্যুৎ সংকট সমাধান এবং গণভোটের রায় বাস্তবায়নসহ মোট ৬টি মৌলিক দাবিতে জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে জানান ডা. শফিকুর রহমান। অন্যান্য দাবির মধ্যে রয়েছে বৈষম্য দূরীকরণ, দলীয়করণ বন্ধ, চাঁদাবাজি ও দুর্নীতি রোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কৃষকের জন্য নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করা। মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর আমির আবিদুর রহমান সোহেল, ঢাকা মহানগর উত্তরের যুব বিভাগের সেক্রেটারী ড. ফয়সাল পারভেজ, বগুড়া জেলা জামায়াতের প্রচার সম্পাদক নূর মোহাম্মাদ, মহানগরীর আইন সম্পাদক শাহীন মিয়া, মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, নুরুল ইসলাম আকন্দ এবং আইবিডাব্লুএফ এর মহানগরী সভাপতি মাহফুজুল হক মোল্লা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন