টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হার্ট অ্যাটাকে পর্যটকের মৃত্যু

প্রকাশ:

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটক মারা গেছেন। নিহত আশিষ কুমার রায় মাগুরা জেলা সদর উপজেলার ছোট দোয়ারপাড়া, শাহাপাড়া এলাকার বাসিন্দা প্রফুল্ল রায়ের ছেলে এবং পেশায় একজন শিল্পী ছিলেন।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। জানা গেছে, ওইদিন সকালে ৬ জন পর্যটক 'হৈমন্তী' নামে একটি হাউজবোটে করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হন। তারা সারাদিন হাওরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও গোসল শেষে বিকেলে ট্যাকেরঘাট নৌকাঘাটে পৌঁছান। এরপর সবাই শহীদ সিরাজ লেক এলাকায় ঘুরতে যান।

প্রত্যক্ষদর্শী ও সঙ্গীরা জানান, মাগরিবের নামাজের আগে শহীদ সিরাজ লেক এলাকা থেকে ট্যাকেরঘাট যাওয়ার পথে আশিষ কুমার রায় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পাশে থাকা মসজিদে লোকজন বিষয়টি বুঝতে পেরে তার মোবাইল থেকে সঙ্গীদের খবর দেন। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত একজন পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে স্পিডবোটযোগে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু রাজ শেখর বণিক জানান, বিকেলে শহীদ সিরাজ লেকের টিলায় ঘোরাঘুরির সময় তারা আশিষকে খুঁজে না পেয়ে ফোন করেন। পরে তার ফোন থেকেই অসুস্থতার খবর পান। হৈমন্তী হাউজবোটের ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, সকালের দিকে তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার থেকে তারা যাত্রা শুরু করেছিলেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ড. নওশাদ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই ওই পর্যটক মারা গেছেন এবং তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানিয়েছেন, এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন