বরিশালে সাবেক ব্যুরো প্রধান সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

প্রকাশ:

বরিশাল নগরীর প্যারারা রোডে অবস্থিত দৈনিক সমকাল পত্রিকার অফিস থেকে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পুলক চ্যাটার্জি সমকাল পত্রিকার বরিশাল ব্যুরোর সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সমকাল পত্রিকার বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরী জানান, ২০২৩ সালে পুলক চ্যাটার্জি ব্যুরো প্রধানের পদ থেকে অব্যাহতি পান। তবে তিনি নিয়মিত তার সাবেক কর্মস্থলে যাতায়াত করতেন এবং পত্রিকা পড়তেন। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সুমন চৌধুরী অফিসে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে আটকানো। ফাঁক দিয়ে উঁকি দিলে তিনি পুলক চ্যাটার্জিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি আশপাশের লোকজনকে খবর দিলে স্থানীয়রা পুলিশকে অবহিত করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবার সামনেই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে সিআইডি টিম তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে জ্যেষ্ঠ সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে বরিশালের মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে সহকর্মী ও সহযোদ্ধারা ঘটনাস্থলে ছুটে আসেন। সহকর্মীরা এই ঘটনার কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শেয়ার করুন