নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক কেজি ওজনের একটি গাঁজার গাছসহ মো: আব্দুল্লাহেল শাফি (৩২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া (দরগাপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাফি ওই গ্রামের মো: আব্দুল গনি মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে শাফির ভাই মো: হুমায়ুন কবিরের (৪৫) জমি থেকে আনুমানিক ছয় ফুট লম্বা ও এক কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে হুমায়ুন কবির ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জানান, এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার শাফিকে শুক্রবার নাটোর আদালতে পাঠানো হয়েছে। মামলার ২ নম্বর পলাতক আসামি হুমায়ুনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





