মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা

প্রকাশ:

ময়মনসিংহের মুক্তাগাছায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর তোলায় ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। পেশায় সবজি বিক্রেতা ফরহাদ হোসেন মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি স্থানীয়ভাবে বেকারদের কর্মসংস্থান দাবি এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এমনকি গত সংসদ নির্বাচনে তিনি এমপি প্রার্থী হওয়ারও ঘোষণা দিয়েছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে ফরহাদ হোসেন নিজ বাসা থেকে বের হলে ওত পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন থেকে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রাণ বাঁচাতে তিনি দ্রুত পাশেই একটি জলাশয়ে লাফিয়ে পড়েন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। স্থানীয়রা তার চিৎকারে ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ লড়াইয়ের পর গতকাল দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফরহাদের পরিবারে তার দুই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের পিতা আব্দুস সাত্তার জানান, তার ছেলে মাদকের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করায় স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ফরহাদ হোসেন মৃত্যুর আগে পুলিশকে ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি পুলিশকে জানিয়েছিলেন যে, বাসা থেকে বের হয়ে নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে একজন পেট্রোল ছিটিয়ে দেয় এবং অন্যজন আগুন ধরিয়ে দেয়। তবে তিনি হামলাকারীদের কাউকে চিনতে পারেননি। ওসি আরও জানান, ফরহাদের দেওয়া বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন