ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তি প্রদানকারী আসামিরা হলেন জহুরুল, আপন ও জিহাদ। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ আসামি জহুরুল ও আপনের জবানবন্দি এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ আসামি জিহাদের জবানবন্দি রেকর্ড করেন।
একই দিনে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা মামলার অন্য দুই আসামি কাশেম আলী ও দদি আল ফায়েত জিতের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির আল আহসান আসামিদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিদের মধ্যে কাশেমকে ৮ সেপ্টেম্বর মৌলভীবাজার সদরের বাড়িতলী সাগরনাল এলাকা থেকে এবং জিতকে কুমিল্লা সদর থানার আমড়াতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৭ সেপ্টেম্বর মামলার প্রধান আসামি জহুরুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। এছাড়াও গত ৮ সেপ্টেম্বর মো. আলাউদ্দিন, মো. আপন, মো. জিহাদ, ইমরান হোসেন, নূর মোহাম্মদ রুদ্র, মো. গোলাম রাব্বির পাঁচ দিন এবং বিল্লাল ও দেলোয়ারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বুধবার রাকিব মিয়া, ছাব্বির আহম্মেদ ও ওয়াসিমের তিন দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের বরদেবী পশ্চিমপাড়ায় অটোরিকশা রাখা নিয়ে তর্কা-তর্কি হয়। এই ঘটনা থামাতে গিয়ে আলতাফ হোসেন আসামিদের তোপের মুখে পড়েন। প্রাণ বাঁচাতে তিনি তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্র্যান্ড ফ্যাশন’-এ আশ্রয় নিলে রাত ৮টা ১০ মিনিটের দিকে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। রড, পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে আলতাফ হোসেনকে গুরুতর জখম করা হয় এবং তাকে বাঁচাতে গিয়ে তার ছেলে আরিফুল ইসলামও আহত হন। আসামিরা প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালিয়ে ৫ লাখ টাকার ক্ষতি এবং ক্যাশ বাক্স থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরি করে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী মোছা. শিউলী পারভীন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
জিহাদ (২৩), ইমরান হোসেন (২৫), নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো.
গোলাম রাব্বির (২২) পাঁচ দিন এবং বিল্লাল (৩৪) ও দেলোয়ার (৩৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।





