হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

প্রকাশ:

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে রিপাবলিকান দলের মধ্যবর্তী নির্বাচনবিষয়ক এক সম্মেলনে তিনি এই জলপথের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার ঘোষণা দেন। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন, আমার একটি ঘোষণা আছে—আমরা এটিকে ট্রাম্প প্রণালি বলেই ডাকব।’ ট্রাম্প রসিকতা করে মন্তব্য করেন যে, এই নামকরণে ইরানের নেতৃত্ব ‘দারুণ রোমাঞ্চিত’ হবে এবং তারও এখান থেকে কিছু পাওয়া উচিত।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হতে যাচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ এখন চলছে এবং যুক্তরাষ্ট্রই এতে জয়ী হচ্ছে। তার দাবি, ইরান মধ্যপ্রাচ্যে গত ৫১ বছর ধরে ত্রাস সৃষ্টি করে রাজত্ব চালিয়ে আসলেও এখন দেশটি ভেতর থেকে ভেঙে পড়ছে। তিনি আরও যোগ করেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে যাবে।

ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে সতর্কবার্তা দিয়ে ট্রাম্প জানান, দেশটির ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় কিছু চলাচলের খবর যুক্তরাষ্ট্র পেয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান কোনো ধরনের চালাকি করলে যুক্তরাষ্ট্রকে চরম আঘাত হানতে হবে। যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না বলেও তিনি স্পষ্ট করেন।

উল্লেখ্য, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও শান্তি চুক্তির শর্ত হিসেবে চলতি বছরের জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান দলের মধ্যবর্তী নির্বাচনবিষয়ক সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প এসব কথা বলেন।

শেয়ার করুন