ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলোতে আরও ১১টি ডিপ ফ্রিজ দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
চাকসু ভিপি জানান, বিশ্ববিদ্যালয়ের ৯টি ছাত্র হল, একটি হোস্টেল এবং সূর্যসেন হলের ছাত্রী ব্লকসহ মোট ১১টি আবাসিক ইউনিটে দীর্ঘদিন ধরে ডিপ ফ্রিজের সংকট রয়েছে। এর ফলে বাড়ি থেকে খাবার নিয়ে আসা শিক্ষার্থীরা তা সংরক্ষণ করতে পারছেন না এবং অনেক সময় সংরক্ষণের অভাবে খাবার নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এই ভোগান্তির শিকার হচ্ছেন।
শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের সমস্যা সমাধানে নিজের আপ্যায়ন, চা-নাস্তা, যাতায়াত ও আনুষঙ্গিক খাতে বরাদ্দকৃত ৪ লাখ টাকা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন ইব্রাহিম হোসেন রনি। তিনি জানান, এই খাতে বরাদ্দকৃত অর্থের কোনো অংশ তিনি ব্যক্তিগতভাবে ব্যয় করেননি এবং পুরো অর্থই জমা রয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রয়োজন পূরণে সেই অর্থ দিয়েই ১১টি ডিপ ফ্রিজ কেনা হবে।
এ বিষয়ে চাকসু ভিপি বলেন, "আপ্যায়ন, চা-নাস্তা, যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে বরাদ্দকৃত অর্থ থেকে আমি ব্যক্তিগতভাবে কোনো টাকা ব্যয় করিনি। পুরো অর্থই জমা রয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণে এ অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ ভরসা।"
এর আগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ সংকট নিয়ে ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশিত হয়েছিল। সংবাদ প্রকাশের পর এই উদ্যোগ নেওয়ায় চাকসু ভিপির ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের মতে, ১১টি আবাসিক ইউনিটে ডিপ ফ্রিজ স্থাপন করা হলে খাবার সংরক্ষণের সমস্যা অনেকটাই কমবে এবং শিক্ষার্থীরা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন।





