বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যুগ যুগ অটুট থাকবে : রিজভী

প্রকাশ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে। তিনি বলেন, এই সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে চর্চিত ও লালিত হবে, যা আমাদের জাতীয় দর্শন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মূল ভিত্তি।

মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের মাটির গভীরে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রোথিত। একে অপরের সাথে আদান-প্রদানের মাধ্যমেই আমরা একটি জাতীয় সত্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি, যার দার্শনিক রূপ দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আরও বলেন, এই বাংলাদেশি জাতীয়তাবাদের কাঠামোর মধ্যে প্রতিটি ধর্ম, সম্প্রদায় ও নৃগোষ্ঠীর মানুষ তাদের জায়গা করে নিতে পারে এবং তারা গর্বের সাথে নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দেয়। একই সমাজ, গ্রাম ও মহল্লায় আমরা যুগ যুগ ধরে বসবাস করে আসছি, যদিও বিভিন্ন শক্তি ও চক্রান্তকারীরা এই ভ্রাতৃত্বের মেলবন্ধন ধ্বংস করার অপচেষ্টা চালায়।

সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্ম ও নৃগোষ্ঠীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং একে অপরের পূজা-পার্বণ ও ঈদ-মিলাদুন্নবীতে অংশগ্রহণ করে আনন্দ ভাগ করে নিই। হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের জন্য গঠিত তিনটি ট্রাস্টের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এসব ট্রাস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপাসনালয়গুলো সমৃদ্ধভাবে পরিচালিত হবে এবং ভক্তরা সুন্দরভাবে প্রার্থনা করতে পারবেন।

বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন, ট্রাস্টের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যরা স্ব স্ব সম্প্রদায়ের অত্যন্ত দক্ষ ও যোগ্য মানুষ। এছাড়া তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বস্থানীয় পর্যায়ে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যারা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নয়, বরং গোটা জাতির নেতৃত্ব দিচ্ছেন।

শেয়ার করুন