গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে এক হেলপার নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত প্রবীর পিকআপের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি খালি পিকআপ বিজয়পাশা এলাকায় পৌঁছালে সড়কের পাশে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের হেলপার প্রবীর ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পিকআপের ভেতর থেকে প্রবীরের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





