৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ:

পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পার্বতীপুর উপজেলা পরিষদ কার্যালয়ে এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু। সভাপতিত্ব করেন এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আখতারুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মাহমুদ হুসাইন রাজু বলেন, শিক্ষার্থীদের মাঝে এ ধরনের উদ্যোগ উৎসাহ ও আত্মবিশ্বাস জোগায়। তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো করবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, কেজি সোসাইটি পার্বতীপুরের সভাপতি শহিদুল ইসলাম বাবলা, এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আরাফাত জামিল এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের সাফল্যের স্বীকৃতি প্রদানের লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০১৮ সালে একাডেমিক কার্যক্রম শুরু করা এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল বর্তমানে শিশু থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন