কাজের মাধ্যমেই নেতৃত্বের প্রমাণ দিতে হবে বলে মন্তব্য করেছেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, কাজ ছাড়া বাংলাদেশের মানুষ আর কাউকে নেতা হিসেবে গ্রহণ করবে না।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার আনন্দবাজার এলাকায় শিশুদের মধ্যে পরিবেশবান্ধব কলম ও খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সেলিম উদ্দিন জানান, বিশ্ব স্বাক্ষরতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ‘চলো বদলে দেই ঢাকা উত্তর’—এই অঙ্গীকার বাস্তবায়নে তারা কাজ শুরু করেছেন। তিনি বলেন, শুধু কথায় নয়, কাজের মাধ্যমেই তারা ঢাকা শহরকে বদলে দিতে চান। বর্জ্যকে সমস্যা হিসেবে না দেখে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে সম্পদে পরিণত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি জানান, ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ২০টি স্মার্ট বিন স্থাপন করা হয়েছে এবং এসব বিনে সংগৃহীত বর্জ্য পুনর্ব্যবহার করে পরিবেশবান্ধব কলম তৈরি করা হচ্ছে।
শিশুদের হাতে পরিবেশবান্ধব কলম তুলে দেয়াকে রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার একটি উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে নগরবাসীর কল্যাণে আরও নতুন ও সৃজনশীল উদ্যোগ নেয়া হবে। বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে কাগজ, কলমসহ বিভিন্ন পণ্য তৈরির শিল্প গড়ে তোলার পরিকল্পনাও তার রয়েছে, যার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। তিনি বলেন, সঠিক পরিকল্পনা থাকলে মানুষকে অন্যের কাছে হাত পাতার পরিবর্তে সম্মানের সাথে জীবনযাপনের সুযোগ করে দেয়া সম্ভব।
আসন্ন স্থানীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণ চুরি, দুর্নীতি ও নাগরিক সেবা থেকে বঞ্চিত রাখার রাজনীতিকে বেছে নেবে না। তারা সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্বকেই নির্বাচিত করবে। ঢাকা শহরকে পরিবর্তন করাই তাদের লক্ষ্য এবং এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও মেডিক্যাল ক্যাম্পসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং টকশো ব্যক্তিত্ব ড. ফয়জুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মো: মাহফুজুর রহমান এবং ঢাকা মহানগরী পশ্চিম শিবিরের সভাপতি মহিবুল্লাহ আল হুসাইনী ও জোবায়ের হোসেন রাজন।





