মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় চালানো এই অভিযানে ৩৯ বোতল এসকেএফ মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানটিতে নেতৃত্ব দেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। এ সময় দুই পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে শহীদ ডা. শামসুল হক সড়কের সৈয়দপুর সুপার মার্কেটের দ্বিতীয় তলার একটি গোডাউনে অভিযান চালিয়ে পুলিশ ৩৯ বোতল এসকেএফ মাদক উদ্ধার করে। এ সময় রকি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং একই অভিযানে আরও একজনকে আটক করা হয়েছে।
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে গোটা জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে উপজেলা পর্যায়ে রাতদিন অভিযান চালানো হচ্ছে। তিনি মাদককে একটি সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে বলেন, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি মাদকমুক্ত সৈয়দপুর গড়তে সাধারণ নাগরিকদের সহযোগিতা চেয়েছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বিগত এক মাসে মাদক সংক্রান্ত বিভিন্ন মামলায় অর্ধশতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধেও পুলিশের অভিযান চলছে। উদ্ধার হওয়া মাদক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





