উইচ্যাটে পরিচয় হওয়ার মাত্র এক মাসের মধ্যেই গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ককে বিয়েতে রূপ দেওয়ার আশায় সুদূর চীন থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছুটে এসেছেন ২৯ বছর বয়সী চীনা যুবক হুয়াং ঝিলিন। তিনি বর্তমানে কাঞ্চন পৌরসভার খাপাড়া এলাকায় প্রেমিকা সুমাইয়া বেগমের পরিবারের সঙ্গে অবস্থান করছেন।
জানা গেছে, হুয়াং ঝিলিন চীনের জিয়াংশি প্রদেশের বাসিন্দা। অন্যদিকে সুমাইয়া বেগম খাপাড়া এলাকার শরিফ মিয়ার মেয়ে। অনলাইন প্ল্যাটফর্মে পরিচয়ের পর নিয়মিত কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরেই সুমাইয়াকে বিয়ে করার উদ্দেশ্যে ঝিলিন বাংলাদেশে আসেন।
তবে তাদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে, কারণ দুজনের ভাষার ভিন্নতা রয়েছে। ঝিলিন বাংলা বা ইংরেজি জানেন না, আবার সুমাইয়াও চীনা ভাষা জানেন না। ফলে তারা মোবাইলের ট্রান্সলেটর অ্যাপ ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।
এ বিষয়ে সুমাইয়ার বাবা শরিফ মিয়া বলেন, ভাষা বুঝতে সমস্যা হলেও তারা অনুবাদ অ্যাপের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, দুজন যদি পরস্পরকে বিয়ে করতে রাজি থাকে, তবে তার কোনো আপত্তি নেই। এদিকে, চীনা যুবকের রূপগঞ্জে আসার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। এখন সবার নজর, এক মাসের অনলাইন পরিচয় ও প্রেমের এই সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গড়ায় কি না।





