দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। রোববার (৭ সেপ্টেম্বর) দিয়াগত রাত ১২টার পরবর্তী সময়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শুন্যরেখায় পুশইনের চেষ্টাকারী দলের সদস্য সংখ্যা ছিল ২৮ জন। তাদের মধ্যে চারজন নারী এবং চব্বিশ জন পুরুষ রয়েছেন। রাত ১টার দিকে তারা ভারতের কাঁটাতারের বেড়ার ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল।
দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর থেকেই বিজিবি সদস্যরা গোবিন্দপুর এলাকার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি বলেন, 'পুশইনের ঘটনা আমরা ঠেকিয়েছি। স্থানীয় গ্রামবাসী আমাদের সহায়তা করেছেন। আমাদের পাশাপাশি গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে টহল দিচ্ছেন। আমরা সতর্ক অবস্থায় আছি।'
বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় পুরুষ ও নারীরা লাঠি হাতে গ্রামের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে সতর্ক প্রহরা বজায় রেখেছেন।





