হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথিত উদ্যোগের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের কড়া সমালোচনা করে তাকে ‘পাগল রাজা’ হিসেবে অভিহিত করেছেন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের উদ্দেশে স্যান্ডার্স লিখেছেন, ‘আপনি প্রেসিডেন্ট, কোনো পাগল রাজা নন। সেভাবেই আচরণ করুন।’ স্যান্ডার্সের মতে, হরমুজ প্রণালির নাম পরিবর্তনের মতো অপ্রাসঙ্গিক বিষয়ে মনোযোগ না দিয়ে ট্রাম্পের উচিত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের দিকে নজর দেওয়া।
স্যান্ডার্স দাবি করেছেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার ফলে সাধারণ মার্কিন নাগরিকদের ওপর অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, যুদ্ধ, হুমকি ও ক্ষমতার প্রদর্শনের পরিবর্তে ট্রাম্পের উচিত কূটনীতি ও রাজনৈতিক সমাধানের পথ বেছে নেওয়া।
উল্লেখ্য, ট্রাম্পকে ‘পাগল রাজা’ বা ‘ম্যাড কিং’ বলার পেছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। মার্কিন স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটিশ রাজা তৃতীয় জর্জ আমেরিকান উপনিবেশগুলোকে নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক সামরিক শক্তি প্রয়োগ করেছিলেন, যার ফলে তিনি যুক্তরাষ্ট্রে ‘ম্যাড কিং’ হিসেবে পরিচিতি পান। স্যান্ডার্সের বক্তব্যে সেই ঐতিহাসিক অনুষঙ্গটিই উঠে এসেছে।





