তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মন্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই বদলি ও দায়িত্ব পুনর্বিন্যাসের বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে চট্টগ্রামে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন শফিকুজ্জামান ভূঞা। জনস্বার্থে নেওয়া এই প্রশাসনিক সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে পরিদর্শনের সময় তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে বলেছিলেন, ‘তুমি এখনও ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’। মন্ত্রীর সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাসুদ আলম দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন। এবার তার প্রশাসনিক বদলির খবর প্রকাশের পর পুরোনো সেই মন্তব্যটি আবারও বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।





