ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাবে সমুদ্রের পানিতে ‘ভিব্রিও’ নামে পরিচিত প্রাণঘাতী মাংসখেকো ব্যাকটেরিয়ার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। ক্রমবর্ধমান তাপমাত্রা এবং সমুদ্রের উষ্ণ পানির কারণে এই ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে পড়ছে, যার ফলে ইউরোপের বিভিন্ন দেশে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) স্যাটেলাইট তথ্য ও সমুদ্রের পানির তাপমাত্রা বিশ্লেষণ করে একটি ঝুঁকিপূর্ণ এলাকার মানচিত্র প্রকাশ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বাল্টিক সাগরসহ ইউরোপের অনেক দেশের উপকূলীয় অঞ্চলে সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বুলগেরিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া ও সুইডেন সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। এছাড়া ডেনমার্ক ও নেদারল্যান্ডসের উপকূলীয় এলাকাতেও সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে স্পেনের কয়েকটি সৈকতে ভিব্রিওর উপস্থিতি শনাক্ত হওয়ার পর নিরাপত্তার খাতিরে সৈকতগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, ভিব্রিও ব্যাকটেরিয়া সাধারণত উষ্ণ ও লবণাক্ত বা আধা-লবণাক্ত পানিতে জন্মায়। মানুষের শরীরে কোনো ক্ষত বা কাটাছেঁড়া থাকলে তার মাধ্যমে এই ব্যাকটেরিয়া সংক্রমিত হতে পারে। এছাড়া দূষিত সামুদ্রিক খাবার গ্রহণের ফলে ডায়রিয়া, বমি, পেটে ব্যথা ও জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় ক্ষতস্থান থেকে সংক্রমণ রক্তে ছড়িয়ে সেপসিস তৈরি করতে পারে, যা প্রাণঘাতী হতে পারে।
চিকিৎসকরা বিশেষ করে লিভারের রোগ, ডায়াবেটিস বা দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের অধিক সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। শরীরের কোথাও নতুন কোনো ক্ষত, অস্ত্রোপচারের দাগ বা ট্যাটু থাকলে সমুদ্রে নামা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কাঁচা বা অর্ধসিদ্ধ শেলফিশ, বিশেষ করে অয়েস্টার খাওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।





