যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী লিন্ডসে গ্রাহাম ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার কার্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় ‘স্বল্প সময়ের হঠাৎ অসুস্থতার’ পর তার মৃত্যু হয়।
সাউথ ক্যারোলাইনার এই সিনেটর দীর্ঘ সময় ধরে মার্কিন পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় ছিলেন। বিশেষ করে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের ক্ষেত্রে তিনি বরাবরই জোরালো কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন।
তার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প তাকে ‘একজন মহান ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘তিনি সবসময় দেশের জন্য কাজ করে গেছেন। তার অভাব গভীরভাবে অনুভূত হবে।’
ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত ছিলেন গ্রাহাম। তার প্রয়াণে শোক জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল তার অন্যতম সেরা বন্ধুকে হারিয়েছে। আর আমি হারালাম একজন প্রিয় বন্ধুকে।’ নেতানিয়াহু আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা যে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তা গ্রাহাম দারুণভাবে উপলব্ধি করতেন।
এদিকে লিন্ডসে গ্রাহামের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, এই কঠিন সময়ে তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন।





