ইয়েমেনে সংঘাতের দ্রুত বিস্তারের মধ্যে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত গভর্নরেট এবং আসির প্রদেশের আবহা শহরে সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে সম্ভাব্য বিপদের আশঙ্কায় দেওয়া এই সতর্কতা পরবর্তীতে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং বর্তমানে এলাকাগুলোতে কোনো বিপদ নেই বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যেকোনো জমায়েত এড়িয়ে চলা এবং ঘটনাস্থলের ছবি বা ভিডিও ধারণ না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ইয়েমেনে সংঘাতের তীব্রতা বাড়ার মধ্যেই সৌদি আরবে এই সতর্কতা জারি করা হলো। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। এর মধ্যে আল-হুদায়দাহ প্রদেশের হাইস ও আল-খাওখাহ জেলা অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে বিভিন্ন ফ্রন্টে লড়াই জোরদার হয়েছে। বিশেষ করে তাইজ, আল-জাওফ ও আল-বায়দা প্রদেশে সংঘর্ষের পরিমাণ বেড়েছে। এসব এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলাও চালানো হচ্ছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও বেশ কয়েকটি প্রদেশ দখলের মাধ্যমে ইয়েমেনে সংঘাতের সূচনা করে। এরপর ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ শুরু করে।





