ভারতে ফের করোনা সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের

প্রকাশ:

ভারতের অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কদাপা জেলায় নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেলায় বর্তমানে আটজন সক্রিয় করোনা রোগী শনাক্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। পরিস্থিতি মোকাবিলায় জেলাজুড়ে নজরদারি ও প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মৃতদের মধ্যে রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশিতে আক্রান্ত হওয়ার পর কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। তিনি ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে (সিএমসি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ৪৩ বছর বয়সী অন্য এক ব্যক্তি শারীরিক জটিলতা নিয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর তার করোনা শনাক্ত হয় এবং পরবর্তীতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এছাড়া কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক শিক্ষার্থীও করোনায় আক্রান্ত হয়েছেন, যিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ ওই জেলায় বিশেষ টিম মোতায়েন করেছে। আক্রান্ত এলাকাগুলো থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১৮টির ফলাফল নেগেটিভ এসেছে এবং বাকি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। ভাইরাসের ধরন ও সংক্রমণের ধরণ বুঝতে নমুনা পুনের পরীক্ষাগারে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।

অন্ধ্র প্রদেশের জেলা-দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাভিথা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আক্রান্ত এলাকাগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালন ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর ওপর জোর দিয়েছেন। এছাড়া হাসপাতালসহ জনসমাগমপূর্ণ সব স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রী আরও পরামর্শ দিয়েছেন যে, জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত রোগীদের শনাক্ত করে আইসোলেশন কেন্দ্রে স্থানান্তর করতে হবে।

শেয়ার করুন