২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলে সরকার গঠনের ডাক পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকট

প্রকাশ:

দখলদার ইসরাইলে নতুন জোট সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। গত সপ্তাহের নির্বাচনে কোনো পক্ষই পার্লামেন্ট নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে প্রেসিডেন্ট এই সিদ্ধান্তের কথা জানান।

সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট এখন নতুন সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। তবে পরিস্থিতির প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নবনির্বাচিত নেসেট সদস্যদের মধ্যে আইজেনকট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সমর্থন রয়েছে ৪৬ জনের। এই সিদ্ধান্তের বিষয়টি ইতোমধ্যে উভয় নেতাকেই অবহিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট জাতীয় জরুরি সরকার গঠনের আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের আস্থার প্রতি সম্মান রেখে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। ইসরাইলের ইতিহাসে আজ পর্যন্ত কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে সেখানে সবসময়ই জোট সরকার গঠিত হয়ে আসছে। এবারের নির্বাচনে বড় চমক দেখিয়েছে ইউনাইটেড আরব লিস্ট এবং জয়েন্ট লিস্ট। আরব ভোটারদের উপস্থিতির হার বাড়ায় তারা যৌথভাবে রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করেছে, যা তাদের সরকার গঠনের ক্ষেত্রে অন্যতম কিংমেকারে পরিণত করেছে। জনগণের বিশ্বাসের প্রতি পূর্ণ সম্মান রেখে আমি সবটুকু করার চেষ্টা করব।’। এমন ফলাফলে আরব দলগুলো সরকার গঠনের অন্যতম কিংমেকার হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে।

যদিও অধিকাংশ ইহুদি রাজনৈতিক দলই নির্বাচনের আগে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের বিরোধিতা করেছিল।

বর্তমানে সরকার গঠনের তিনটি পথ খোলা রয়েছে—নেতানিয়াহু ও আইজেনকটের সমন্বয়ে জাতীয় ঐক্যের সরকার, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট অথবা আরব দলগুলোর সমর্থনে আইজেনকটের সরকার।

আইজেনকট ও তার ব্লকের নেতারা আনুষ্ঠানিকভাবে আরব জোটের সঙ্গে সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পর্দার আড়ালে সমঝোতার গুঞ্জন রয়েছে।

এছাড়া আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর সঙ্গেও তিনি আলোচনার চেষ্টা চালাতে পারেন, যদিও সেটি বেশ জটিল।

প্রসঙ্গত, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে ইসরাইল। সে সময় সমঝোতার অভাবে তিন বছরে দেশটিতে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে ২০২০ সালে অচলাবস্থা নিরসনে নেতানিয়াহু এবং বেনি গ্যান্টস রোটেশনাল বা ক্ষমতার হাতবদলের ভিত্তিতে সরকার গঠন করেছিলেন, যা ছিল ইসরাইলের ঐক্যের সরকারের অন্যতম উদাহরণ।

শেয়ার করুন