বরগুনার বেতাগীতে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশ:

বরগুনার বেতাগীতে ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশিদ হালদার, বেতাগী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না এবং বেতাগী সরকারি কলেজের অধ্যাপক শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা দেশের সামগ্রিক উন্নয়ন ও একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মের শক্তি ও মেধাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আজকের তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ আগামী গঠন করা সম্ভব। এছাড়া জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন শ্রেষ্ঠ কর্মী এবং ১ জন জনপ্রতিনিধিকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন