২৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে প্রাণ গেল দুই ভাই-বোনের

প্রকাশ:

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের খালে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন বাকরাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ৬ বছর বয়সী আব্দুল্লাহ ও তার ৮ বছর বয়সী বড় বোন সুমাইয়া। তারা বাকরাল গ্রামের মাসুমের বাড়ির ভাড়াটিয়া রাব্বি শেখ ও রাবেয়া দম্পতির সন্তান। তাদের স্থায়ী নিবাস পটুয়াখালীর দশমিনা থানার গছানি এলাকায়। তাদের স্থায়ী বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা থানার গছানি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহ ও সুমাইয়াসহ তিন শিশু তুরাগ নদের খালসংলগ্ন জলাশয়ে গোসল করতে নামে। এ সময় পানির প্রবল স্রোতে দুই ভাই-বোন তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর এক শিশু কোনোমতে সাঁতরে তীরে উঠে আসে এবং বিষয়টি স্থানীয়দের জানায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বিকেল ৩টার দিকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন। পরে সে স্থানীয় লোকজন ও নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

ঘটনার খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এখলাছ উদ্দিন ফরাজী সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি পুলিশি তদন্তের আওতায় রয়েছে।

শেয়ার করুন