বিশ্ববাজারে আবারো জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার প্রভাবে তেলের বাজার এখন সাপ্তাহিক সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৯৫.৬৭ ডলারে পৌঁছেছে।
একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১.৫৬ ডলারে দাঁড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের নতুন এই উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা মূলত দাম বাড়ার প্রধান কারণ।
গত এক সপ্তাহের ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম ৭.১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।





