ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি মার্কিন বাহিনীর সাম্প্রতিক এক হামলার তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি স্পষ্ট করেছেন যে, মার্কিন ‘অপরাধী বাহিনীর’ হাতে নিহতদের নিরপরাধ রক্ত কোনোভাবেই ভুলে যাওয়া হবে না এবং এর যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি উপকূলীয় শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মার্কিন বাহিনী একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালালে ঘটনাস্থলেই এক শিশুসহ অন্তত চারজন নিহত হন এবং আরও ৬৮ জন আহত হন।
আইআরজিসি প্রধান এই ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি তার বার্তায় বলেন, এই ধরনের সন্ত্রাসী ও অমানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অশুভ ও শয়তানি চেহারা আবারও বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আমাদের মাতৃভূমির নিরাপদ পরিবেশে বিয়ের অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশুদের ওপর চালানো এই ভয়াবহ অপরাধ বিপ্লব ও ইসলামী ব্যবস্থার শত্রুদের গভীর ঘৃণা ও শত্রুতার বহিঃপ্রকাশ। একই সঙ্গে, এটি ইরানি জনগণের ইস্পাতকঠিন সংকল্প ও প্রতিরোধের সামনে তাদের অসহায়ত্বের পরিচয় দেয়।
নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মেজর জেনারেল ওয়াহিদি বলেন, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা এবং মহান ইরানি জাতির প্রতিও আমি সমবেদনা জানাই। তিনি পুনর্ব্যক্ত করেন যে, শহীদদের পবিত্র রক্তপাতের বিচারহীনতা থাকবে না। আইআরজিসি ও ইরানের অন্যান্য সশস্ত্র বাহিনী হরমুজের যুদ্ধের সময় নিহতদের পাশাপাশি ইসলামী ইরানের সার্বভৌমত্বের জন্য প্রাণ দেয়া সব শহীদের রক্তের পবিত্রতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশ্বস্ত করেন যে, তারা তাদের সর্বশক্তি ও সামর্থ্য দিয়ে জাতি ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে যাবেন।





