বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলের সহায়তা চাইল বাংলাদেশ পুলিশ

প্রকাশ:

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ইন্টারপোলের কাছে ই-মেইল পাঠিয়ে বেনজীর আহমেদের বর্তমান অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, বুধবারই ইন্টারপোলের কাছে এই ই-মেইল পাঠানো হয়েছে। এতে সাবেক আইজিপির বর্তমান অবস্থানের পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ের অনুরোধও করা হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুবাই থেকে কারামুক্তির পর বেনজীর আহমেদ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় গিয়েছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, তাঁর কাছে দেশটির পাসপোর্ট রয়েছে এবং সেখানে তাঁর যৌথ বিনিয়োগসহ গ্রোস আইসলেট এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত থেকে জামিন পাওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন। বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানির পর শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেওয়া হয়।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যে আরও দাবি করা হয়েছে, বেনজীরের জামিনের জন্য ইউরোপে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা দুবাইয়ে তদবির করেছিলেন। জামিন ও কারামুক্তির খবর পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সূত্রমতে, জামিনের পর নিরাপদ আশ্রয়ের খোঁজে স্পেনসহ কয়েকটি দেশের কথা বিবেচনা করলেও শেষ পর্যন্ত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তিনি সেন্ট লুসিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেন।

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বেনজীর আহমেদের অবস্থান নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশের প্রেক্ষাপটে তাঁর অবস্থান সুনিশ্চিত করতেই পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হলো। ইন্টারপোলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

শেয়ার করুন