সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে ৩১ আগস্ট রোববার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বাজারে বিক্রি হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি অব্যাহত থাকবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে এই মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী সেপ্টেম্বর মাসের জন্য সেই মূল্যহারই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জ্বালানি তেলের এই বর্তমান নির্ধারিত দামই বলবৎ থাকবে।





