নাটোরের লালপুরে আইডি হ্যাকিং ও প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশ:

নাটোরের লালপুর থানা এলাকায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সাথে জড়িত একটি সক্রিয় চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন লালপুর উপজেলার মহারাজপুর (ঘোষপাড়া) গ্রামের মো. বিপ্লব সরকারের ছেলে তাসকিন আহম্মেদ সুইট (১৮) এবং একই গ্রামের সাজদার রহমান আগার ছেলে মো. সেলিম (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৩০ আগস্ট) রাত দেড়টার দিকে লালপুর থানার এসআই (নিঃ) মো. আব্দুল হাইয়ের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মহারাজপুর ঘোষপাড়ায় অভিযান চালায়। এ সময় তাসকিন আহম্মেদ সুইটের বসতবাড়ির টিনশেড ঘরের উত্তর দুয়ারী কক্ষে হ্যাকিং ও প্রতারণায় লিপ্ত থাকা অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন